গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জেলার ১৭টি উপজেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মফিজ উদ্দিন বাবলু একান্ত সাক্ষাৎকারে জানান, জেলার ১৭টি উপজেলা প্রকৌশলী কার্যালয় জেলা কার্যালয়ের অধীনে থেকে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদ ভবন, ভূমি অফিস ভবন, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, খাল-পুকুর খনন এবং হাটবাজার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখতে হলে গুণগত মানসম্পন্ন কাজের কোনো বিকল্প নেই। এজন্য জেলার সব উপজেলা প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়ন কাজের বাস্তবায়ন, অগ্রগতি, মান নিয়ন্ত্রণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মফিজ উদ্দিন বাবলু বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদা পূরণে প্রকৌশলী ও সংশ্লিষ্টদের নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এলজিইডি সেই লক্ষ্য বাস্তবায়নে গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, টেকসই অবকাঠামো নিশ্চিত করতে কাজের মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী দ্রুত বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং এবং প্রকৌশলী ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নির্মাণসামগ্রীর মান যাচাইয়ে এলজিইডির নিজস্ব মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি। ল্যাবরেটরিতে পরীক্ষা সম্ভব নয় এমন সামগ্রী দেশের বিভিন্ন কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা করা হয় বলে জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী বলেন, এলজিইডির উন্নয়ন কার্যক্রমের ফলে কৃষক, জেলে, ক্ষুদ্র খামারি ও মৎস্যচাষিরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে পারছেন এবং ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে স্থানীয় অর্থনীতি সচল থাকার পাশাপাশি গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা এলজিইডি প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে কাজ করে যাচ্ছে। তাঁর মতে, এলজিইডির সার্বিক কার্যক্রম দেশের গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করছে।
মন্তব্য করুন